;

ইসরায়েলকে ইরানের তেলের ডিপোতে হামলা না চালানোর আহ্বান আমেরিকার

ইসরায়েলকে ইরানের তেলের ডিপোতে হামলা না চালানোর আহ্বান আমেরিকার

ছবি: সংগৃহীত

ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় নতুন করে হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তেহরানের তেল স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় হোয়াইট হাউস অসন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল স্থাপনায় আবার হামলা হলে এর জবাবে উপসাগরীয় অঞ্চলের তেল ও জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের পাল্টা হামলা চালাতে পারে ইরান। এমন পরিস্থিতি তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র–এর প্রশাসনের ধারণা, ইরান আগে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনায় হামলা চালালে তবেই এ ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে। তাই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আগেই সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে ইসরায়েলকে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোয় হামলা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। বিশেষ করে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারেন ইরানের সাধারণ নাগরিকরাই।

মার্কিন প্রশাসনের দাবি, ইরানের জনগণের একটি বড় অংশ বর্তমান সরকারের বিরোধী। এ অবস্থায় তেল স্থাপনায় হামলা হলে তা জনগণকে নতুন করে সরকারের পক্ষে সংগঠিত করতে পারে বলেও আশঙ্কা করছে ওয়াশিংটন।