;

অকটেন ও পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার

অকটেন ও পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশে অকটেন ও পেট্রোল বিক্রি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এর ফলে বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রি কমানোর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন–এর সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ–সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রি পূর্বে নির্ধারিত ২৫ শতাংশ কমানোর পরিবর্তে এখন ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

এ ছাড়া হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।