নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সোয়া ৯টার দিকে হায়দার হোটেলের গলি দিয়ে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটছিল বিন্তি। কিছুক্ষণ পর পাশের একটি অন্ধকার গলি থেকে রক্তাক্ত অবস্থায় তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহরিয়ার শারমিন বিন্তি রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেন অভিযোগ করেন, কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।